
|
হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে এল ৩ হাজার ৮০০ টন এলপিজি
প্রকাশ:
২৯ মার্চ, ২০২৬, ০২:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে ‘এমটি বিডব্লিউইকে বোর্নহোম’ নামের একটি এলপিজিবাহী ট্যাংকার। এটি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে আসা প্রথম জাহাজ। ট্যাংকারটি ওমান থেকে প্রায় ৩ হাজার ৮০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে পৌঁছায় চট্টগ্রামের সীতাকুণ্ডে । চালানটির আমদানিকারক স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি (বিডি) লিমিটেড। নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাদের সহযোগিতায় এই চালানটি আনা সম্ভব হয়েছে। ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি সি-সাইড ট্রেডার্সের কর্ণধার হুমায়ুন কবীর জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহে ওমানের দুকম বন্দর থেকে যাত্রা করে জাহাজটি প্রথমে শ্রীলঙ্কায় যায়। সেখানে আংশিক খালাস শেষে সীতাকুণ্ডে এসে বাকি এলপিজি খালাস করে। শুক্রবার (২৭ মার্চ) খালাস শেষে ট্যাংকারটি ফিরে যায়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। এতে পারস্য উপসাগর থেকে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং বাংলাদেশমুখী দুটি জ্বালানিবাহী ট্যাংকার এখনো ওই অঞ্চলে আটকে রয়েছে।
জেডএম/
|