
|
ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা
প্রকাশ:
২০ জুলাই, ২০২৬, ০৬:২৪ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মিরজাভেহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মৌলভি মোহাম্মদ আনোয়ার রিগি নামের এক সুন্নি ইমাম নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের দরিদ্রতম প্রদেশগুলোর একটি সিস্তান-বেলুচিস্তান। সুন্নি বেলুচ জনগোষ্ঠী অধ্যুষিত এই প্রদেশে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এখানে ইসলামপন্থী বা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনী কিংবা তেহরান-সমর্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনাটির তদন্ত চলছে। তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া। এসএইচ/ |