
|
সাইবার হামলার শিকার গাজাবাসী, ৬ লাখ পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস
প্রকাশ:
০৩ জুন, ২০২৬, ১০:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
সাইবার হামলার শিকার হয়ে গাজার ৬ লাখ পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে অননুমোদিত ব্যক্তিদের হাতে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ মে) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএফপির একটি স্ব-নিবন্ধন প্ল্যাটফর্মে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে। জানা যায়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাচাই-বাছাই শেষে মানুষ খাদ্য ও নগদ সহায়তার জন্য নিবন্ধন করতেন। ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল উপকারভোগীদের নাম, পরিচয়পত্র নম্বর, মোবাইল ফোন নম্বর এবং অবস্থান সংক্রান্ত তথ্য। সংস্থাটি বলেছে, অননুমোদিত পক্ষ এই তথ্যগুলোতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। তবে কীভাবে হামলাটি হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গাজায় চলমান সংকটের মধ্যে অধিকাংশ ফিলিস্তিনি খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। ফলে উপকারভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ডব্লিউএফপি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত ও নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেডএম/ |