
|
‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৬, ০৭:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সাধারণ মানুষকে ভয়াবহ সুদ ও সুদি সংস্থার করাল গ্রাস থেকে মুক্ত করতে এবং ইসলামী অর্থব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে চালু হয়েছে ‘থ্রি জিরো লোন সার্ভিস’ (তিন শূন্যে ঋণ সেবা)।কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রীর নূরুস সুন্নাহ দারুল উলূম কওমী মাদরাসার মুহতামিম এবং কিশোরগঞ্জ সড়ক ভবন জামে মসজিদের খতিব মাওলানা মো. ওয়ালীউল্লাহর উদ্যোগে চালু হয়েছে এই মানবিক সেবা। ব্যতিক্রমী এই মানবিক সেবার উদ্যোক্তা মাওলানা মো. ওয়ালীউল্লাহ বলেন, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দীন ইসলাম। ইসলামের সবকিছুই সর্বাবস্থায় সুন্দর ও ভারসাম্যপূর্ণ। অন্যায়, জুলুম, চুরি, ডাকাতি, ধোঁকা, দুর্নীতির মতো অভিশপ্ত সুদের স্থানও ইসলামে নেই। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট ভাষায় ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তিনি বলেন, সংকটগ্রস্ত মানুষ তার সংকট লাঘব করতে সুদি পন্থায় ঋণ নিয়ে আরেকটি ভয়াবহ সংকটে পড়ে যায়। তাই এই ভয়াবহ সুদের বিকল্প হিসেবে এই মানবিক সেবার ধারা চালু করার উদ্যোগ নিয়েছেন তিনি। তার এই মানবিক কাজ ইতোমধ্যে অনেকের প্রশংসা কুড়িয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমার নিজ গ্রামে অনেক আগেই তা চালু করেছি। এখন আমার দায়িত্বরত মসজিদ, মাদরাসার আশপাশের এলাকাগুলোতেও প্রচার করার চেষ্টা চালাচ্ছি। এই মানবিক ঋণ সেবার মূল ভিত্তি যে তিন ‘শূন্য’ (Zero) নীতির ওপর: শূন্য লাভ (Zero Interest): গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত অর্থ, ফরমের মূল্য, লেখার পারিশ্রমিক বা বিলম্ব ফি/জরিমানা নেওয়া হবে না। শূন্য চাপ (Zero Pressure): গ্রাহকের সুবিধাজনক সময়ে মেয়াদ নির্ধারণ করা হবে। পরিশোধে অপারগ হলে সময় বৃদ্ধি, কিস্তির পরিমাণ হ্রাস বা প্রয়োজনে ঋণ মওকুফের ব্যবস্থা রয়েছে। শূন্য ব্যয় (Zero Cost): কোনো দাপ্তরিক খরচ নেই। ম্যানেজমেন্ট টিম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে নামাজের পর মসজিদে বা নিজস্ব কার্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করবেন। ব্যতিক্রমি এই কাজ বাস্তবায়ন ও সম্প্রসারণে সক্ষম সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মাওলানা মো. ওয়ালীউল্লাহ। আইও/ |