
|
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৬, ০৮:২৪ রাত
নিউজ ডেস্ক |
দেশের বিভিন্ন অঞ্চলে ১১ দলীয় জোটের সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ প্রতিবাদ জানান। তিনি বলেন, ১১ দলীয় জোটে না থাকা সত্ত্বেও তাদের সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও দলটির আমিরের নাম ব্যবহার করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুলতান মহিউদ্দীন বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না থাকায় বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবে অংশ নিয়েছিল। ধর্মীয়, রাজনৈতিক ও আদর্শিকভাবে মতপার্থক্য রয়েছে এমন কোনো দল বা জোটে না থাকার সিদ্ধান্ত দলটির মজলিসে শূরায় গৃহীত হয়েছে। তিনি বলেন, শূরার সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত আন্দোলনের আমিরসহ দলের কোনো নেতা ১১ দলীয় জোটের সভা-সমাবেশে অংশগ্রহণ করেন না। বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন আরও উল্লেখ করেন, এর আগেও বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, ১১ দলীয় জোটে খেলাফত আন্দোলন নেই। এরপরও কেন জোটটির সভা-সমাবেশে খেলাফত আন্দোলন ও দলের আমিরের নাম ব্যবহার করা হচ্ছে, তা তাদের বোধগম্য নয়। তিনি বলেন, হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর চিন্তাধারার আলোকে মজলিসে শূরার পরামর্শে বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে ১১ দলীয় জোটের কোনো সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন বা দলটির আমিরের নাম ব্যবহার না করার জন্য জোটের নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। আইও/ |