
|
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে: নাহিদ
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ১০:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
নেত্রকোনা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন (চুপ্পু) যেন অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সরকারের প্রতি দ্রুত তাকে গ্রেফতারের আহ্বান জানান। শুক্রবার (২৪ জুলাই) নেত্রকোনা পৌরসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল। বিএনপি এখন পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এ খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন সেইফ এক্সিট বা বিদেশে পালাতে না পারেন, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সরকারকে অনতিবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে।’ হাওর এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সারাদিন হাওর অঞ্চল ঘুরে সেখানকার নাজুক যোগাযোগব্যবস্থা দেখেছেন। নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি এবং জেলার বিশ্ববিদ্যালয়টিও কার্যত অচল অবস্থায় রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, হাওর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এ অঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং বঞ্চিত হাওরবাসীর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নেত্রকোনা পৌরসভায় দলের মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রিতম, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আওয়ার ইসলাম/জেডএম |