বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন
প্রকাশ: ০৪ জুন, ২০২৬, ০৬:৩৮ বিকাল
নিউজ ডেস্ক

বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এমন সময়ে করা হয়েছে, যখন দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংকট ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে বিপর্যস্ত।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, কোনো কার্যকর গণশুনানি ছাড়াই বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে এবং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু গৃহস্থালি খাতে সীমাবদ্ধ থাকবে না; কৃষি, শিল্প, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে। ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জনগণ যখন স্বস্তির প্রত্যাশায় রয়েছে, তখন তাদের ওপর বারবার অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, জনসেবামূলক খাতগুলোকে জনগণের কল্যাণ নিশ্চিত করার পরিবর্তে রাজস্ব আহরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ দেশের অর্থনীতি ও জনজীবনের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ও গ্রাহকদের উদ্বেগ দ্রুত দূর করা প্রয়োজন। আর্থিক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠী ও তাদের দোসরদের তৎপরতা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাব হতাশাজনক। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে দেশ যে কোনো সময় অস্থিতিশীলতার মুখোমুখি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরএইচ/