
|
কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৬, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক |
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুবি শাখার উদ্যোগে বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় মুফতি ফয়জুল করীমকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জামাতে আসরের নামাজ আদায় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত ইসলাহী ইজতেমায় অংশ নেন মুফতি ফয়জুল করীম। বক্তব্যে তিনি ঈমান, আমল ও ইসলামী শরিয়তের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি মুসল্লিদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ এবং রোজা, জাকাত ও হজসহ ইসলামের ফরজ বিধানগুলো যথাযথভাবে পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে তিনি জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুল কাইয়ুমসহ দেশের সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এসএইচ/ |