১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৫:৫১ বিকাল
নিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। বিগত সরকার স্বাস্থ্য খাতে নিয়োগসহ প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এই খাতকে এগিয়ে নিতে কাজ করছি। দ্রুতই চিকিৎসক সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।

রোববার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন কালে এ কথা বলেন ।

তিনি আরও বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে। হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

দায়িত্বে অবহেলার দায়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আইও/