
|
ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০
প্রকাশ:
২৭ জুলাই, ২০২৬, ১০:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াগনের সঙ্গে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন যানবাহনের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢঁকিগাড়ীয়া গ্রামের মতি পাটায়ারীর ছেলে মনোয়ার পাটায়ারী (৪৫) এবং বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৪৫)। তারা দুজনই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি ওয়াগন নিয়ে একটি তেলবাহী ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেট অতিক্রমের আগে ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে যায়। এতে ওই ওয়াগনগুলো মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে থাকে। এ সময় ট্রেনটি পুরোপুরি চলে গেছে মনে করে গেটম্যান রেলগেট খুলে দেন। ঠিক তখনই গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাটগামী আনন্দ ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস, গোয়ালন্দমুখী একটি মাহেন্দ্র এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। হঠাৎ পেছন থেকে গড়িয়ে আসা বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে তিনটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে রাজবাড়ী-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। |