এবার খুলনা বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৮:৫০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা বিভাগের ইমাম ও খতিবদের দক্ষতা বৃদ্ধি এবং দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রংপুর ও রাজশাহী বিভাগের পর এবার খুলনা বিভাগের ১০ জেলার নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব বিভাগের ইমাম-খতিবদের বিভাগভিত্তিক এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। বর্তমানে খুলনা বিভাগের কোনো মসজিদে কর্মরত ইমাম বা খতিবরা এ কর্মশালায় আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণে লিডারশিপ, পার্সোনাল ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স, মসজিদকে আরও কার্যকরভাবে পরিচালনার কৌশল, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলা, বিজ্ঞান ও ইসলাম, এলজিবিটিকিউ ও জেন্ডার-সংক্রান্ত চ্যালেঞ্জ, দৈনন্দিন শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাসহ দাওয়াহ-সংশ্লিষ্ট প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আবেদনের জন্য প্রার্থীকে বর্তমানে খুলনা বিভাগে কর্মরত ইমাম বা খতিব হতে হবে। এছাড়া দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম বা আরবি বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা এবং দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বিবেচনা করে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে।

নির্বাচিতদের প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সর্বশেষ পরীক্ষার সনদপত্র বা নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

আগামী ৩ আগস্ট আবেদন গ্রহণের শেষ দিন। প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কর্মশালার ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর আফতাবনগরের প্লট-৬২, রোড-৩, ব্লক-এ।

আগ্রহী ইমাম-খতিবরা নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন লিংক : https://forms.gle/f7hFLgXGkDgx7PP89

৪র্থ ইমাম প্রশিক্ষণ

forms.gle