শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ১২:১৫ দুপুর
নিউজ ডেস্ক

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের বড়াইল মাদরাসার হিফজখানার বহুতল ভবনের ছাদ ঢালাই উপলক্ষে এক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এ মাহফিলে দেশের খ্যাতিমান আলেমে দ্বীনগণ কুরআন-সুন্নাহর আলোকে ইসলাহ, দ্বীনি শিক্ষা ও নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বড়াইল মাদরাসার মুহতামিম ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইনের আমন্ত্রণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইসলাহী বয়ান পেশ করেন হাকীমুন নফস, পীরে কামেল মুফতি মুশতাকুননবী কাসেমী, মুহতামিম, মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলূম সুধন্যপুর, কুমিল্লা।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাকালীন মুরুব্বি মাওলানা খন্দকার মহিউদ্দিন আহমদ।

বিশেষ বয়ান পেশ করেন প্রখ্যাত ওয়ায়েজ মুফতি আব্দুর রহমান বেতাগী, মাওলানা আহমাদুল্লাহ ইবনে আব্দুল হামিদ (পীরসাহেব, মধুপুর), মুফতি আফজাল হুসাইন, মাওলানা ফেরদাউস আল আজাদ, মুফতি আজহারুল ইসলাম ফরিদী, মাওলানা কামরুল ইসলাম শরীয়তপুরী ও মাওলানা কামাল উদ্দীন নোমানী প্রমুখ।

বক্তারা কুরআন শিক্ষার প্রসার, হিফজুল কুরআনের গুরুত্ব, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামি আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের বিকল্প নেই।

মাহফিলে শরীয়তপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক আলেম-উলামা, হাফেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে তালীমুল ইসলাম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি শফিকুল ইসলাম, মাদরাসাতুল মুনাওয়ারাহ ঢাকার মুহতামিম মাওলানা আহমাদ কবীর, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কামরাঙ্গীরচরের সভাপতি মুফতি বশীর আহমাদ, সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম, মুফতি তোফায়েল আহমাদ, মুফতি মুহাম্মদ শুয়াইব, মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদীসহ বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং বড়াইল মাদরাসার হিফজ ভবনের সফল নির্মাণ ও সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন বড়াইল মাদরাসার মুহতামিম মুফতি আ ফ ম আকরাম বিন আব্দুল হাই মুন্সী। তিনি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাহফিল সফল করতে সহযোগিতা করা আলেম-উলামা, অতিথি, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।