
|
প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট
প্রকাশ:
৩০ জুলাই, ২০২৬, ০৪:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা প্রতিনিধি বাংলাদেশে প্রাচীন পাণ্ডুলিপি গবেষণা ও নিরীক্ষামূলক পাঠসম্পাদনা (তাহকীক) চর্চাকে আরও সমৃদ্ধ করতে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা ‘খেদমাতুন নস’ (পাঠ পরিচর্যা)। আগামী শনিবার থেকে বৃহস্পতিবার (১ থেকে ৬ আগস্ট) পর্যন্ত দারুল ‘মাখতুতাত ইস্তাম্বুল’-এর সহযোগিতায়, রাজধানী পল্লবীর (মিরপুর-১২) প্রখ্যাত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় তা‘লীক (টীকাকরণ), তাখরীজুন নুসূস (উদ্ধৃতি ও উৎসনির্ণয়), দিরাসা (ভূমিকা ও নস সমীক্ষা), ফাহরাসা (সূচি প্রণয়ন) এবং আলাকাতুন নুসূস (পাঠসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ) বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে রয়েছেন ড. মাহমুদ মাসরি, মহাপরিচালক, দারুল মাখতূতাত (ইস্তাম্বুল), দারুল ফুকাহা ও দারুল ইরফান (আলেপ্পো); এবং ড. ফায়সাল হাফয়ান, নির্বাহী পরিচালক, দারুল মাখতূতাত, সাবেক মহাপরিচালক মা‘হাদুল মাখতূতাতিল আরাবিয়্যা (মিসর), ‘ইয়াওমুল মাখতূতিল আরাবি’-এর প্রতিষ্ঠাতা এবং ইলমুত তাহকীকের অন্যতম শীর্ষ তাত্ত্বিক।
এর আগে ২০২৫ সালের ১৪ থেকে ১৮ আগস্ট দেশে প্রথমবারের মতো ‘তাহকীকুন নুসূস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং আল-আযহার, মদিনা ও শারজাহ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গ্র্যাজুয়েটসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রথম ধাপের সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের এই বিশেষায়িত প্রশিক্ষণও দেশে পাণ্ডুলিপি গবেষণা ও তাহকীক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন মারকাযুল ফাতাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি ইয়াহইয়া হাফিজাহুল্লাহ। আইও/ |