
|
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’
প্রকাশ:
১০ জুন, ২০২৬, ০৬:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বাজেটের পরিধির চেয়ে জনগণ বেশি জানতে চায় বাজেটের পরে নিত্য পণ্যের দাম কতটা কমবে? বুধবার (১০ জুন) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে থানা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ ফজলে বারী মাসউদ বলেন, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা সংসদ থেকে শুরু করে পল্লী এলাকার চা দোকান পর্যন্ত বিরাজমান। অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচিত সরকারের অধীনে প্রথম বাজেট এটি। বিশালাকারের এই বাজেট নিয়ে জনমনে প্রশ্ন আর কৌতূহলের অভাব নেই। বাজেট কত লক্ষ টাকার? এ খবরের চেয়ে বেশি জানা দরকার, বাজেট ঘোষণার পরে নিত্য পণ্যের দাম কতটা কমবে? তিনি আরও বলেন, জুলাই বিপ্লবোত্তর বাজেটেও যদি পণ্য মূল্যের বৃদ্ধি ঘটে, তাহলে এই বাজেট হবে পূর্বের ন্যায় গতানুগতিক চর্বিত চর্বন। এরকম ফাকা বুলি আমরা আগেও দেখেছি। পরিবর্তিত বাংলাদেশের জনআকাঙ্ক্ষার তেমন কোন প্রতিফলন ঘটবে না এই বাজেটে। শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, আগামীকাল প্রায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। বাজেটের ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে ১.১৬ লাখ কোটি টাকা এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে ১.৩৫ লাখ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে । বাজেট ঘাটতি জিডিপির ৩.৬ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা বলা হলেও আদতে ৫ শতাংশের মধ্যে গিয়ে পোঁছবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মুফতি নিজাম উদ্দিন, মুফতি হাবিবুল্লাহ, আলহাজ্ব শফিকুর রহমান, নূর হোসেন নূরানী, আবু বকর প্রমুখ। আইও |