
|
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে
প্রকাশ:
১২ জুন, ২০২৬, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
|| মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম || জামানার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান কওমি মাদরাসা বর্তমানে খুব ভালো সময় পার করছে বলা যায় না। নানামুখী ষড়যন্ত্র, নিজেদের অসচেতনতা আর সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারা এই মন্দ সময়ের জন্য দায়ী । কওমি মাদরাসার সমালোচনা হয় মূলত দুটি বিষয় নিয়ে। ১. অতি মাত্রায় শাসন। ২. শিশু বলাৎকার। প্রকৃত অর্থে এদুটি বিষয় ছাড়া তেমন আর কোনো বিষয় খুঁজে পাওয়া দুষ্করই হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি আর প্রশ্ন ফাঁসের মতো অপরাধ রোধে জিরো টলারেন্স নীতি কওমি প্রতিষ্ঠানের বিশেষ অলংকার। এ দুটি অভিযোগ দীর্ঘ দিনের। বিভিন্ন সময় অপবাদমূলক অভিযোগ প্রমাণিত হলেও কিছু ঘটনা পুরোপুরি সত্য সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ অপরাধের উর্ধ্বে নয়। অপরাধ হতেই পারে। তবে সঠিক পদক্ষেপ গ্রহণ অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করে। অতিমাত্রায় শাসন অনেকটা কমে আসলেও বলাৎকারের ঘটনা কোথাও কোথাও এখনো ঘটছে । মাদরাসা শিক্ষা ব্যবস্থায় যা মোটেও কাম্য নয়। এর মূল কারন সঠিক পদক্ষেপ গ্রহণ না করা। এই সমস্যা দুটি থেকে উত্তরণে বোর্ড ও প্রতিষ্ঠানগুলো কী অবদান রাখতে পারে সেই আলোচনায় যাচ্ছি। ১. থানা ওয়ারী মাদরাসাগুলোর সকল শিক্ষকদের বাধ্যতামূলক উপস্থিতিতে বছরে অন্তত একবার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা। এবং সেখানে সচেতনতা মূলক প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা। ২. কোথাও অভিযোগ উত্থাপিত হলে মাদরাসার পাশাপাশি বোর্ডের পক্ষ থেকেও তদন্ত করা। এবং তদন্তের ফলাফল বিবৃতির মাধ্যমে প্রকাশ করা। ৩. অভিযোগ প্রমাণিত হলে অফিসিয়ালি প্রতিবাদ করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবী করা এবং ভিক্টিমের পক্ষ নিয়ে তাকে আইনি সহায়তা দেওয়া। ৪. অপরাধীর শিক্ষকতার যোগ্যতা বাতিল করা। সে যেন আর কোন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে না পারে সেটা নিশ্চিত করা। ৫. মাদরাসায় উসতাদদের তরবিয়তী মজলিসগুলোতে ছাত্রদের শাসন ও অন্যান্য ব্যপারে যেভাবে সতর্ক করা হয়, বলাৎকারের বিষয়েও সেটা করা। ৬. ছাত্রদের আম বয়ানেও এর ভয়াবহতা ও নিকৃষ্টতা নিয়ে আলোচনা করা। ৭. এই ধরনের ঘটনায় ব্যক্তির দায়ে প্রতিষ্ঠানকে যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সহযোগিতা করা। ৮. অপবাদমূলক মিথ্যা অভিযোগ এনে কেউ যেন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন ক্ষতি করতে না পারে সেই ব্যাপারেও সতর্ক থাকা। লেখক: সিনিয়র মুহাদ্দিস : কলিম উল্লাহ কওমি ইসলামি বিশ্ববিদ্যালয় জেডএম/ |