সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ১১:২৫ দুপুর
নিউজ ডেস্ক

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার সাবেক আমির মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং মৃত্যুর আগে কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সিলেট জেলার কানাইঘাট উপজেলার নিজ গ্রাম তালবাড়িতে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক জামাতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট অঞ্চলে ইসলামি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার উদ্যোগ ও নেতৃত্বে বহু স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।

ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া শিক্ষা মডেলের অন্যতম রূপকার ছিলেন তিনি। তার নেতৃত্বে আশির দশকে প্রতিষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয়। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, আল আমিন জামেয়া ইসলামিয়া, নাজিরেরগাঁও জামেয়া এবং জালালাবাদ কলেজসহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে, যেখানে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

কোরআনের খেদমতে প্রতিষ্ঠিত আনজুমানে খেদমতে কোরআনের অন্যতম সংগঠক ও দীর্ঘদিনের সভাপতি ছিলেন তিনি। তার সময়ে সিলেট আলিয়া মাদরাসা ময়দানে সংস্থাটির উদ্যোগে নিয়মিত তাফসির মাহফিল অনুষ্ঠিত হতো, যেখানে দেশের খ্যাতিমান আলেমরা বক্তব্য রাখতেন।

শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও তিনি ভূমিকা রাখেন। নগরীর জিন্দাবাজারে প্রতিষ্ঠিত আলহামরা শপিং সিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ সালে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

জেডএম/