
|
বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ১১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
ভারতের ক্ষমতাসীন বিজেপিকে পুনরায় ক্ষমতায় আসা থেকে ঠেকাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মান ও সমান অংশীদারিত্বের ভিত্তিতে আলোচনা করার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। রোববার (১৪ জুন) হায়দরাবাদে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ওয়াইসি বলেন, আমি এখান থেকে ঘোষণা করছি, যদি কেউ বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রোধ করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালায়, তাহলে মজলিস তার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে আলোচনা হতে হবে সম্মান ও মর্যাদার সঙ্গে। তিনি বলেন, রাজনৈতিক অংশীদারিত্ব ও ন্যায্য অংশগ্রহণের বিষয়ে কথা হলে তিনি এবং তাঁর দল প্রস্তুত রয়েছে। তবে শুধু বিজেপিকে পরাজিত করার নামে এআইএমআইএম ও তার সমর্থকদের কাছ থেকে একতরফা ত্যাগের প্রত্যাশা আর গ্রহণযোগ্য হবে না। কঠোর ভাষায় ওয়াইসি বলেন, দরিয়া বিছানোর যুগ শেষ হয়ে গেছে। যদি আপনারা মনে করেন আমরা শুধু অন্যদের জন্য পথ পরিষ্কার করে দেব, তাহলে সেটা আর হবে না। এআইএমআইএম প্রধান আরও বলেন, আগামী দিনের রাজনীতি হবে সম্মান, সমতা এবং প্রকৃত অংশীদারিত্বের ভিত্তিতে। বক্তব্যের শেষে তিনি বলেন, এখন থেকে অংশীদারিত্ব ও সমতার লড়াই চলবে, ইনশাআল্লাহ। ওয়াইসির এই মন্তব্য ভারতের বিরোধী জোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিবিরোধী ভোটের সমীকরণে মুসলিম প্রতিনিধিত্ব ও আঞ্চলিক দলগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে তাঁর এই বক্তব্য। সূত্র: ইউএনএ নিউজ জেডএম/ |