তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের
প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৯:১২ সকাল
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। নিয়ম-শৃঙ্খলা, ত্যাগ ও আন্তরিকতার ভিত্তিতে সংগঠনের কাজ এগিয়ে নিলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে ইনশাআল্লাহ।

সোমবার (১৫ জুন) নীলফামারীর সোনারায়ের মাদানী মঞ্জিলে অনুষ্ঠিত জেলা জমিয়তের দায়িত্বশীল ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব আরও বলেন, “হীনমন্যতা ও সংকীর্ণতা পরিহার করে সংগঠনের জন্য সময়, শ্রম ও মেধা ব্যয় করতে হবে। তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই জমিয়তের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।”

নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, সদর উপজেলা সভাপতি মাওলানা আবু সালেহ ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।

এ ছাড়া ডোমার উপজেলা সভাপতি আলহাজ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান, জলঢাকা উপজেলা সভাপতি মাওলানা মকবুল হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, ডিমলা উপজেলা আহ্বায়ক মাওলানা দেলাওয়ার হুসাইন ও সদস্য সচিব মাওলানা আব্দুল আজিজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত নীলফামারী জেলা সভাপতি মাওলানা রাজু রুহানি, যুব জমিয়ত ডোমার উপজেলা আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব হাবিবুর রহমান, ছাত্র জমিয়ত ডোমার উপজেলা সভাপতি হাফেজ সফিয়ার রহমান এবং ছাত্র জমিয়ত ডিমলা উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রাকিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আইও