আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে
প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৭:০৪ বিকাল
নিউজ ডেস্ক

রংপুর বিভাগের পর এবার রাজশাহী বিভাগের ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর, যুগোপযোগী ও দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

কর্মশালায় রাজশাহী বিভাগের আটটি জেলার নির্বাচিত ইমাম ও খতিবরা অংশগ্রহণের সুযোগ পাবেন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব বিভাগের ইমাম-খতিবদের বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য নেতৃত্ব বিকাশ, পাবলিক স্পিকিং, সময় ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ, দাওয়াহ মনস্তত্ত্ব, ফ্যাক্ট চেকিং, ব্যক্তিত্ব উন্নয়ন, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কমিউনিটি ডেভেলপমেন্টসহ প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মসজিদকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানে পরিণত করার কৌশল, বিজ্ঞান ও ধর্মবিষয়ক সমসাময়িক আলোচনা, সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা, স্বাস্থ্যসচেতনতা এবং দৈনন্দিন শরীরচর্চার মতো বিষয়ও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনের জন্য প্রার্থীদের বর্তমানে রাজশাহী বিভাগের কোনো মসজিদে ইমাম বা খতিব হিসেবে কর্মরত থাকতে হবে। পাশাপাশি দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলামি স্টাডিজ কিংবা আরবি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা, দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

নির্বাচিতদের প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাগত সনদ বা নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ২৬ জুন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। আবেদন লিংক :

https://forms.gle/WmFWrdYzd1FqZPQu6

৩য় ইমাম প্রশিক্ষণ

forms.gle

জেডএম/