‘পৃথক প্রদেশের দাবি ও উসকানিমূলক বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল’
প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৫:৪২ বিকাল
নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের জন্য পৃথক প্রদেশ গঠনের দাবি এবং মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিদেশি সহায়তা নিয়ে পৃথক প্রদেশ গঠনের মতো বক্তব্য কোনো আইনি বা সামাজিক দাবির ভাষা নয়; বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় সংহতির পরিপন্থী। এ ধরনের বক্তব্য গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সাংবিধানিক অধিকার ভোগ করছে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু উগ্রপন্থী গোষ্ঠীর বক্তব্য ও কর্মকাণ্ড উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, এসব ঘটনার পেছনে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে কি না, তা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার খতিয়ে দেখা উচিত।

গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রী রামচন্দ্রের ছবি বা প্রতিমার কথিত অবমাননাকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান প্রসঙ্গ উল্লেখ করে আহমদ আবদুল কাইয়ূম বলেন, প্রতিবেশী ভারতে এই স্লোগানকে ঘিরে বিভিন্ন বিতর্ক রয়েছে এবং এটি অনেক ক্ষেত্রে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন কোনো স্লোগান বা কর্মকাণ্ডের মাধ্যমে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানি, বিভাজনমূলক বক্তব্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা দেশের শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আইও