শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না
প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৫:১৪ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক—

টানা তিন বছর নির্ধারিত সংখ্যক হজযাত্রী নিবন্ধন করতে ব্যর্থ এবং চলতি বছর কোনো হজযাত্রী নিবন্ধন না করা হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সুষ্ঠু ও কার্যকর হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এসব এজেন্সিকে আগামী এক বছরের জন্য হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হজ-২০২৬ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনার জন্য ৭৫৮টি হজ এজেন্সিকে যোগ্যতালিকাভুক্ত করা হয়েছিল। যোগ্যতালিকার শর্ত অনুযায়ী, কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ ছিল। পাশাপাশি প্রতিটি এজেন্সিকে অন্তত একজন হজ গাইডের সমপরিমাণ, অর্থাৎ ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়।

হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী, কোনো এজেন্সি ৪৬ জনের কম হজযাত্রী নিবন্ধন করলে তারা অন্য এজেন্সির সঙ্গে সমন্বয়ের সুযোগ পাবে না। এ ক্ষেত্রে নিবন্ধিত হজযাত্রীদের অন্য এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪, ২০২৫ ও ২০২৬—এই তিন বছর ধারাবাহিকভাবে ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে এমন এজেন্সিগুলো ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। একইসঙ্গে ২০২৬ সালের যোগ্যতালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির মধ্যে যেসব এজেন্সি একজনও হজযাত্রী নিবন্ধন করতে পারেনি, সেগুলোকেও আগামী বছরের হজ কার্যক্রম থেকে বিরত রাখা হবে।

উল্লেখ্য, চলতি বছর সৌদি আরবে অনুষ্ঠিত হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন অংশ নেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন ৭৩ হাজার ৯৩৫ জন হাজি।

আইও