‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’
প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ১১:০৭ দুপুর
নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তারা বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করছে। এমন সময়ে কোনো গোষ্ঠী যদি জনমনে আতঙ্ক সৃষ্টি, সংঘাত উসকে দেওয়া বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তবে তা দেশ ও জাতির স্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হবে।

জমিয়ত নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো প্রকার অপতৎপরতা বা সহিংস পরিস্থিতির উদ্ভব হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দেশের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

নেতৃদ্বয় আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের শান্তি, নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

জেডএম/