
|
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি
প্রকাশ:
২৩ জুন, ২০২৬, ১১:২০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক- ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। সোমবার (২২ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে মাহবুবা হাকিম বলেন, বাজেটের ৬৫ নম্বর পৃষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের কল্যাণে বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। কিন্তু ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে নিহতদের বিষয়ে কোনো স্বীকৃতি বা বরাদ্দের কথা বলা হয়নি। মাহবুবা হাকিম বলেন, আমরা বলি, এই বাজেট বৈষম্যহীন, জনবান্ধব ও গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, শাপলা শহীদদের সঙ্গে এই বৈষম্য কেন? তিনি দাবি করেন, শাপলা চত্বরে নিহতদের আত্মত্যাগের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত এবং তাদের পরিবারগুলোর কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সংসদ সদস্য আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেসব ঐতিহাসিক ঘটনা ও আন্দোলনের অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেখানে শাপলা চত্বরের ঘটনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বাজেট আলোচনায় তিনি সিগারেটের দাম বাড়ানো প্রসঙ্গে বলেন, সিগারেটের দাম বেড়েছে ঠিক কথা। কিন্তু তার চেয়ে বড় সত্য কথা, ৭৫ শতাংশ সিগারেট বাংলাদেশে নিন্মস্তরের মূল্যের বাজারে তৈরি হয়েছে। সেখানে দাম বেড়েছে মাত্র ২ টাকা। মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধুমপানে কতটুকু নিরুৎসাহিত করবে, তা কি ভাবনার বিষয় নয়? জেডএম/ |