ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ?
প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মসজিদে তার থাকা কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে একজন ইমাম হয়েও আত্মহত্যার মতো পথ কেন বেছে নিলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। কিন্তু তিনি মসজিদে যে রুমে থাকতেন সেই রুমে মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে গেছেন।

‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের সময় মুসল্লিদের নিয়ে তিনি মসজিদে নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম, কোথাও কাজে গিয়েছেন। দীর্ঘসময় স্থানীয়রা তাকে মসজিদে দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে খোঁজ করতে যান। কিন্তু তাতেও ছিল তালা দেওয়া। একপর্যায়ে মসজিদে দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে একটি সবুজ রঙের কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসী আসে এবং তার কক্ষে গিয়ে দেখি একটি চিরকুট লেখা। সেখানে পারিবারিক কলহের কথা লেখা ছিল।

‎তিনি আরও বলেন, দীর্ঘ ১৩ বছর মসজিদে খেদমতের সুবাদে ইমামতির দায়িত্ব পালনের কারণে এলাকার প্রতিটি মানুষের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন।

‎এ ছাড়া মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখে স্ট্যাটাস দেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

‎সীতাকুন্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেডএম/