
|
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত
প্রকাশ:
২৬ জুন, ২০২৬, ১২:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক উচ্চশিক্ষায় আগ্রহী কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা নিয়ে রাজধানীতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দাওয়াহ শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ ও ক্যারিয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে আল মারকাযুল ইসলামী (AMI)। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক সকালবেলা এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল খিদমাহ ট্রাভেলস অ্যান্ড কনসালটেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইসমাঈল বরিশালী। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা এমদাদ বিন মাহবুব, মাওলানা মহিউদ্দীন ফারুকী, মাওলানা আফজাল হুসাইন ও মাওলানা আশরাফ উদ্দীন মাহদি। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মাওলানা হামজা শহিদুল ইসলাম। এছাড়া আল মারকাযুল ইসলামীর চেয়ারম্যানও কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, দক্ষতা উন্নয়ন, গবেষণা, ভাষা শিক্ষা এবং কর্মজীবনের বাস্তব প্রস্তুতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনার মাধ্যমে কওমি শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। অনুষ্ঠানে কওমি শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা, আত্মউন্নয়ন, নেতৃত্বের গুণাবলি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বক্তারা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অতিথিদের আলোচনা, দ্বিতীয় পর্বে উপস্থিত শিক্ষার্থীদের মতামত ও অভিব্যক্তি প্রকাশ এবং শেষ পর্বে প্রশ্নোত্তর ও আগামীর পথনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের ভিত্তিতে বেশ কয়েকজন শিক্ষার্থীও তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজকরা জানান, কওমি মাদরাসা থেকে শিক্ষাজীবন সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের বিষয়ে কার্যকর দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, এ যুগের তালিবে ইলমকে সুন্দর ভবিষ্যতের পথ দেখানোই আমাদের লক্ষ্য। এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানান তারা। আইও/ |