
|
ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন
প্রকাশ:
২৬ জুন, ২০২৬, ০২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক এবারের নির্বাচনে বড় সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা নিয়ে দলে রয়েছে নানা আলোচনা। তবে যেকোনো মূল্যে ঘুরে দাঁড়াতে চায় ইসলামী আন্দোলন। আর সে লক্ষ্যেই দল গুছিয়ে নতুন করে মাঠে নামতে চায় সংগঠনটি। আগামীকাল শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার বৈঠক। সেখানে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দলের মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে বলেও আভাস পাওয়া গেছে। জানা গেছে, শূরার বৈঠকে বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হতে পারে। একই সঙ্গে নায়েবে আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব, সহকারী মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের নামও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর। বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আমির প্রয়োজনবোধে নির্ধারিত সময়ের আগেই কমিটি পুনর্গঠন করতে পারেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে সাংগঠনিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা উঠে এসেছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করতে শুরার বৈঠকে পুনর্গঠনের বিষয়টি আলোচনা হবে। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে দলের আমির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইও/ |