‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’
প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৬:০৩ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক-

লেবাননের সার্বভৌমত্বকে প্রভাবিত করে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়ার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছে লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই কোনো শর্ত ছাড়াই চলে যেতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি পাস হবে না।

শুক্রবার (২৬ জুন) ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান মার্কিন মধ্যস্থতায় আলোচনা প্রত্যাখ্যান করে টিভি চ্যানেলে তিনি এ কথা জানান।  

সূত্রে জানা যায়, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনার পরিধি নিয়ে মতবিরোধের কারণে বৃহস্পতিবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও, মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার লেবানন-ইসরায়েল পঞ্চম দফার আলোচনা একদিনের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে তার এই মন্তব্য আসে।

এর আগে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণ লেবাননের কিছু অংশের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি 'পাইলট প্ল্যান' নিয়ে আলোচনায় সতর্ক অগ্রগতি হয়েছে।

জেরুজালেম পোস্টের দেওয়া তথ্য মতে, এই প্রস্তাবে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে ফেলার বিনিময়ে নির্দিষ্ট কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনার পর্যায়ক্রমিক প্রত্যাহারের কথা বলা হয়েছে।

মূল বিরোধের কেন্দ্রবিন্দু হলো বাস্তবায়ন কোথা থেকে শুরু হবে তা নিয়ে। ওয়াশিংটন ও বৈরুত বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা এলাকাগুলোতে কাজ শুরু করার পক্ষে, অন্যদিকে তেল আবিব এমন এলাকা থেকে শুরু করতে চায় যেখানে তাদের সৈন্য নেই, যাতে হিজবুল্লাহর কার্যকলাপ প্রতিরোধে লেবানিজ সেনাবাহিনীর সক্ষমতা যাচাই করা যায়।

ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে, যার কিছু অংশ কয়েক দশক পুরোনো এবং অন্যগুলো ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৪,২৩০ জন নিহত ও ১২,১৭৯ জন আহত হয়েছেন এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি

জেডএম/