প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি
প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিদেশ সফরে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত নগর আমেলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করা হলে একটি দেশ কখনোই বিশ্বমঞ্চে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি রাষ্ট্রীয় সফর শেষে সম্পাদিত চুক্তি ও সমঝোতার পূর্ণাঙ্গ বিবরণ জনগণের সামনে তুলে ধরা উচিত।

আহমদ আবদুল কাইয়ূম অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামল এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পাদিত বিভিন্ন বৈদেশিক চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কয়েকটি চুক্তি দীর্ঘমেয়াদে দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এসব চুক্তি সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আলহাজ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন ও আলহাজ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শেখ আবু তাহের, মুফতি আবদুল আহাদ, হাফেজ সালাহউদ্দিনসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

আরএইচ/