মঙ্গলবার কখন ধোয়া হবে পবিত্র কাবা, জানালো সৌদি কর্তৃপক্ষ
প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৪:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র কাবা শরিফ ধোয়ার বার্ষিক অনুষ্ঠান আগামী ১৫ মহররম ১৪৪৮ হিজরি, মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ফজরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ এ ধর্মীয় আয়োজন প্রতি বছর নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে। এতে সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তা, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট আলেম, কূটনীতিক এবং বিশেষভাবে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে কাবা শরিফের অভ্যন্তর বিশেষভাবে প্রস্তুতকৃত জমজমের পানি, গোলাপজল ও উৎকৃষ্ট মানের সুগন্ধি দিয়ে ধৌত করা হয়। এরপর পরিষ্কার কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে সুগন্ধি প্রয়োগ করা হয়। এটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে পালন হয়ে আসছে।

ঐতিহাসিকভাবে কাবা শরিফ ধোয়ার এ অনুষ্ঠান সৌদি বাদশাহ অথবা তাঁর মনোনীত প্রতিনিধি পরিচালনা করে থাকেন। অনুষ্ঠান উপলক্ষে কাবা শরিফের অভ্যন্তরে বিশেষ দোয়া ও ইবাদতেরও আয়োজন করা হয়।

বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা এ পবিত্র অনুষ্ঠান গভীর আগ্রহের সঙ্গে অনুসরণ করবেন। সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/