
|
আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস
প্রকাশ:
৩০ জুন, ২০২৬, ০৪:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বাড্ডার সাতারকুলে ৭০ হাজার বর্গফুট আয়তনের নতুন একটি ক্যাম্পাস যুক্ত হয়েছে আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারের বহরে। নতুন এই ক্যাম্পাসে একযোগে ৯৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহর চেয়ারম্যান এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, নতুন ক্যাম্পাসে বর্তমানে চারটি কোর্সে মোট ৪২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। ক্যাম্পাসটির নিচতলায় দি আর্ট অব ক্রিয়েশন, দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং এবং স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ল্যাব ও শ্রেণিকক্ষ রয়েছে। দ্বিতীয় তলায় দাওয়াহ বিভাগ, নামাজ আদায়ের স্থান এবং খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আর তৃতীয় তলায় প্রশিক্ষণার্থীদের জন্য পৃথক খাটে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। শায়খ আহমাদুল্লাহ আরও জানান, নতুন ক্যাম্পাস যুক্ত হওয়ায় আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারের সব ক্যাম্পাসের সম্মিলিত আয়তন এখন ২ লাখ ১৩ হাজার বর্গফুটে পৌঁছেছে। এসব ক্যাম্পাসে একসঙ্গে ২ হাজার ১৩১ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির ৪০ হাজার বর্গফুট আয়তনের আরও একটি নতুন ক্যাম্পাস বর্তমানে নির্মাণাধীন রয়েছে। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, বর্তমানে আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে দক্ষতা উন্নয়নমূলক মোট ১৪টি কোর্স চালু রয়েছে। এসব কোর্সে বর্তমানে ৯০২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ট্রেনিং সেন্টার বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। আইও/ |