ইফাকে রাজনীতিমুক্ত ও জনমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ঘোষণা নতুন ডিজির
প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৭:২৪ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে একটি রাজনীতিমুক্ত, কার্যকর, পরিচ্ছন্ন ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

নবনিযুক্ত মহাপরিচালক বলেন, তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বিভিন্ন কওমি মাদরাসায় শায়খুল হাদিস হিসেবেও দীর্ঘদিন খেদমত প্রদান করেছেন।

আইও/