‘বারবার নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা সংবিধান ও গণতন্ত্রের ওপর আঘাত’
প্রকাশ: ০৩ জুলাই, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

নাগরিকত্ব যাচাই ও ভোটাধিকার নিয়ে চলমান বিতর্কের মধ্যে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন, দেশের বৈধ নাগরিকদের যদি বারবার তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার প্রমাণ করতে বাধ্য করা হয়, তবে তা কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়; বরং সংবিধান, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের মূল চেতনার ওপর সরাসরি আঘাত।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো প্রতিটি নাগরিকের ভোট। তাই কোনো বৈধ নাগরিককে তার সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার যেকোনো চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মাওলানা মাদানী আশঙ্কা প্রকাশ করে বলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) কার্যক্রমের আড়ালে প্রকৃত নাগরিকদের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবশ্যই পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সংবিধানের চেতনা অনুসরণ করে পরিচালিত হতে হবে।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বলেন, সংবিধান রক্ষা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং প্রতিটি নাগরিকের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকারকে সম্মান জানানো সবার সম্মিলিত দায়িত্ব। সূত্র: ইউএনএ নিউজ

আওয়ার ইসলাম/জেডএম