
|
বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৬, ০৭:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের সঙ্গে একই গ্রামের খাজা প্রামাণিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা বগুড়া জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে। আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। আহতরা হলেন- রিপন আহমেদ, মুহিদুল ইসলাম সাকিদার, সায়েদজ্জামান সাকিদার, শহিদ ইসলাম সাকিদার, মন্তেজার রহমান সাকিদার, দিলেরা বেগম, তাহেরুল ইসলাম প্রামাণিক ও মুন প্রামাণিক। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ আইও |