জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
প্রকাশ: ০৪ জুলাই, ২০২৬, ০৭:১৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে গণমিছিল, পদযাত্রা, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনীসহ মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৪ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী নিয়মিত বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

মহাসচিব বলেন, জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের টাটকা। তারুণ্যের রক্ত ও আহতদের আহাজারি আজও আমাদের উদ্দীপ্ত করে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অগ্রগতি সন্তোষজনক নয়। স্বৈরতন্ত্রের স্থায়ী অবসানে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম স্থবির হয়ে আছে। সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ অকার্যকর করা হয়েছে এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, যা দেশবাসীর জন্য হতাশাজনক।

তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল এবং এর সহযোগী সংগঠনগুলো মাঠে থাকবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ১০ জুলাই ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-এর নেতৃত্বে গণমিছিল, ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালন, ১৯ জুলাই ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী ‘ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস’ উপলক্ষে আলোচনা সভা এবং ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসে দেশব্যাপী গণমিছিল।

এ ছাড়া মাসব্যাপী জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা, সংলাপ ও দোয়া মাহফিল, শরিয়াহসম্মত গ্রাফিতি ও দেয়াল লিখন, জুলাইভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী এবং জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণমূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিববৃন্দ, বিভিন্ন সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ/