
|
প্রবাসীর সংসার: দূরত্ব কি পরকীয়ার অজুহাত হতে পারে?
প্রকাশ:
০৫ জুলাই, ২০২৬, ০৭:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
|| আকিদুল ইসলাম সাদী || দূরত্ব মানুষকে আলাদা করে, কিন্তু বিশ্বাস ভাঙতে বাধ্য করে না। হাজার মাইল দূরের প্রবাসজীবন যেমন একজন স্বামীর পরীক্ষা, তেমনি দেশে থাকা স্ত্রী ও পুরো পরিবারেরও কঠিন পরীক্ষা। পরিবারের স্বপ্ন পূরণের জন্যই একজন মানুষ প্রবাসে পাড়ি জমায়। স্বামী যখন হাজার মাইল দূরে কঠোর পরিশ্রম করেন, তখন দেশে থাকা স্ত্রীকে একাকীত্ব, মানসিক চাপ এবং দাম্পত্যের অপূর্ণতা সহ্য করতে হয়। এই কষ্ট বাস্তব, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে বাস্তব কষ্ট কখনোই ভুলকে সঠিক করে না। কারণ, স্বামীর অবহেলা যেমন অন্যায়, তেমনি সেই অবহেলার প্রতিক্রিয়ায় পরকীয়ায় জড়িয়ে পড়াও অন্যায়। একটি ভুলের প্রতিকার আরেকটি ভুল দিয়ে হতে পারে না। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক ঘটনা দেখা যায়। পরকীয়ায় জড়িয়ে পড়া অনেকে নিজের পক্ষে যুক্তি দাঁড় করাতে দাম্পত্যের অপূর্ণতার কথা বলেন। কিন্তু প্রশ্ন হলো— যদি সত্যিই সংসার টিকিয়ে রাখা অসম্ভব হয়, তাহলে সম্মানজনক বিচ্ছেদের পথ তো খোলা ছিলো। স্বামী বিদেশ যাওয়ার আগেই হোক অথবা পরে হোক, পারিবারিক আলোচনার মাধ্যমে সম্পর্কের ইতি টানা যেতো। গোপন সম্পর্ক বেছে নেওয়ায় শুধুমাত্র স্বামী-স্ত্রী ক্ষতিগ্রস্ত হন না; সবচেয়ে বেশি ক্ষতি হয় সন্তান, পরিবার এবং সামাজিক মর্যাদার। আরেকটি কঠিন বাস্তবতাও মনে রাখা প্রয়োজন। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ার পর অনেক ক্ষেত্রেই দেখা যায়, যে সম্পর্ককে ভালোবাসা মনে হয়েছিলো, তা ছিলো ক্ষণিকের আকর্ষণ; দায়িত্বশীল সংসার গড়ার ইচ্ছা নয়। সম্পর্ক প্রকাশ্যে এলে অনেকেই দায়িত্ব নিতে পিছিয়ে যায়। তখন হারাতে হয় স্বামী, সন্তান, পরিবার ও সম্মান— সবকিছু। প্রবাসী স্বামীদেরকেও একটি কথা বলা জরুরি। শুধু অর্থ পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। স্ত্রীও একজন মানুষ; তার মানসিক, আবেগীয় ও দাম্পত্য চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করাও জরুরি। এজন্য নিয়মিত যোগাযোগ, আন্তরিকতা, সময়মতো দেশে আসার চেষ্টা এবং স্ত্রীর অনুভূতির মূল্য দেওয়া একজন প্রবাসী স্বামীর দায়িত্ব। কারণ, সুখী সংসার শুধু অর্থে নয়, ভালোবাসা ও দায়িত্ববোধেও গড়ে ওঠে। সুতরাং মনে রাখতে হবে- দূরত্ব দাম্পত্যের পরীক্ষা, পরকীয়ার লাইসেন্স নয়। বিশ্বাস, দায়িত্ববোধ, আত্মসংযম ও আল্লাহভীতিই একটি সংসারকে টিকিয়ে রাখে। ক্ষণিকের আবেগ বহু বছরের সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে; কিন্তু তাকওয়া সেই সম্পর্ককে রক্ষা করতে পারে। লেখক: শিক্ষক, গবেষক ও ঔপন্যাসিক /আইও |