
|
মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি
প্রকাশ:
০৬ জুলাই, ২০২৬, ১০:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মক্কার এক্সিবিশন অব দ্য আর্কিটেকচার অব দ্য টু হোলি মস্কস (দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনী)-তে সংরক্ষিত একটি বিরল ঐতিহাসিক ঘড়ি দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে, ঘড়িটি ১২৭৭ হিজরি (১৮৬০ খ্রিস্টাব্দ) সালের, যা প্রায় ১৬৬ বছরের পুরোনো। এটি মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ, স্থাপত্য ও ব্যবস্থাপনার দীর্ঘ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রদর্শনী কর্তৃপক্ষ জানায়, ঘড়িটি সেখানে সংরক্ষিত অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি ১৩শ হিজরি শতকে মসজিদে নববীতে সময় নির্ধারণ ও ব্যবস্থাপনার বিকাশের একটি মূল্যবান দলিল হিসেবেও পরিচিত। সে সময় ঘড়িটি নামাজের সময় নির্ধারণ এবং বিভিন্ন ইবাদত সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এর সূক্ষ্ম কারুকাজ, নিখুঁত নির্মাণশৈলী এবং নান্দনিক নকশা সে যুগের উচ্চমানের কারিগরি দক্ষতা ও ইসলামী ঐতিহ্যের প্রতি যত্নশীলতার পরিচয় বহন করে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা ঘড়িটির মাধ্যমে মসজিদে নববীর ইতিহাস, সময় ব্যবস্থাপনা এবং দুই পবিত্র মসজিদের সেবা ও সংরক্ষণে অতীতের প্রচেষ্টার একটি অনন্য চিত্র দেখতে পাচ্ছেন। এই ঐতিহাসিক নিদর্শনটি ইসলামী সভ্যতার সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে। সূত্র: হারামাইন আর্কাইভ /আইও |