
|
প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশ:
০৬ জুলাই, ২০২৬, ০৪:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মাদরাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সব ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে সরকার। যথাযথ কারণ ছাড়া প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা) মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়। নির্দেশনায় আরও বলা হয়, প্রশিক্ষণের জন্য মনোনীত প্রত্যেক শিক্ষককে নির্ধারিত সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। কোনো শিক্ষক গ্রহণযোগ্য কারণ ছাড়া প্রশিক্ষণে অংশ না নিলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মনোনীত শিক্ষককে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানকেও জবাবদিহির আওতায় এনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। /আইও |