
|
‘ভূমিধসে নারী-শিশুর মৃত্যু বেদনাদায়ক, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে’
প্রকাশ:
০৮ জুলাই, ২০২৬, ০৬:৫৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রামে সাম্প্রতিক ভূমিধস ও পাহাড়ধসে নারী-শিশুসহ একাধিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, এসব মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় এনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ একটি বৃষ্টিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে প্রতিবছরই ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিবার দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপরতার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। ফলে বছরের পর বছর একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একটি মহিলা হিফজ মাদরাসার ওপর পাহাড়ধসে তিন ছাত্রী নিহত হয়েছে, যাদের বয়স ছিল ৯ থেকে ১৫ বছরের মধ্যে। এর আগে গত সোমবার রাতেও ভূমিধসে আশ্রয়শিবিরে নারী-শিশুসহ অন্তত আটজন রোহিঙ্গার মৃত্যু হয়। একই দিনে চট্টগ্রামেও পাহাড়ধসে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। মাওলানা গাজী আতাউর রহমানের মতে, পাহাড়ধসকে শুধু প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে অবৈধভাবে পাহাড় কেটে বসতি গড়ে তোলার কারণেই এ ধরনের বিপর্যয় ঘটছে। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের বড় একটি অংশ পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ঝুঁকিপূর্ণ পরিবেশে রাখা মানবিক নয়। রাষ্ট্রের সীমাবদ্ধতা থাকলেও আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে যারা দায়িত্বে ছিলেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকায় এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শুধু মাইকিং করে সতর্ক করাই যথেষ্ট নয়; ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আমরা আর কোনো ভূমিধস বা পাহাড়ধসে প্রাণহানির ঘটনা দেখতে চাই না। মানুষের জীবন রক্ষায় সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ার ইসলাম/জেডএম |