
|
‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৬, ১১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরের কমলনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি দলে যোগ দেন। এ সময় জামায়াতের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় সূত্রে জানা যায়, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার এই দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, ‘আক্তার হোসেন মিলন আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’ যোগদান অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এর পেছনে আমার অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।’ আওয়ার ইসলাম/জেডএম |