
|
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৬, ০৫:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ভারতের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ এবং বেঙ্গালুরুর বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল উলুম শাহ ওয়ালীউল্লাহ’-এর প্রতিষ্ঠাতা মাওলানা জয়নুল আবেদীন আরশাদী (মাজহারী) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জমিয়তে উলামায়ে হিন্দ, কর্ণাটক শাখার নায়েব সদরের দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৯ জুলাই) মাওলানা আরশাদীর মৃত্যুর সংবাদে শোকের বার্তা পাঠিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। তিনি তাঁর শোক বার্তায় মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ১৯৮২ সালে বেঙ্গালুরুতে ‘দারুল উলুম শাহ ওয়ালীউল্লাহ’ প্রতিষ্ঠার পর থেকে মাওলানা জয়নুল আবেদীন আমৃত্যু এই প্রতিষ্ঠানের হাল ধরে রেখেছিলেন। দীর্ঘ এই পথচলায় তিনি হাজার হাজার শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। শুধুমাত্র শিক্ষা বিস্তারই নয়, বরং কর্ণাটকের সামাজিক ও ধর্মীয় সংকট নিরসনেও তিনি অত্যন্ত সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন আধ্যাত্মিক সাধক ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ‘মুয়াল্লিমুল হুজ্জাজ’ বা হজ্জযাত্রীদের পথপ্রদর্শক হিসেবেও সমাদৃত ছিলেন। জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় নেতৃত্ব মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে দ্বীনি অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা দীর্ঘস্থায়ী হবে বলে শোক বার্তায় উল্লেখ করা হয়েছে। মাওলানা আরশাদীর আত্মার মাগফিরাত কামনা করে এবং জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম প্রার্থনা করে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ ঈসালে সওয়াব ও দোয়ার আয়োজন করা হয়েছে। আইও/ |