
|
ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৬, ০৭:২৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য ঠান্ডা, গরম ও স্বাভাবিক (নরমাল) বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে চারটি আধুনিক পানি ফিল্টার স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সারাদেশের অসংখ্য অসহায় রোগীর চিকিৎসার অন্যতম প্রধান কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফাউন্ডেশনের লোগোসংবলিত চারটি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। প্রতিটি ফিল্টারের ধারণক্ষমতা ৪০ লিটার। এসব ফিল্টার থেকে ঠান্ডা, গরম ও স্বাভাবিক—এই তিন ধরনের বিশুদ্ধ পানি সংগ্রহ করা যাবে। ফলে রোগী ও তাদের স্বজনরা প্রয়োজন অনুযায়ী নিরাপদ পানির সুবিধা গ্রহণ করতে পারবেন। শায়খ আহমাদুল্লাহ বলেন, হাসপাতালের রোগী ও স্বজনদের এসব ফিল্টার থেকে পানি সংগ্রহ করতে দেখে তাদের উদ্যোগ সার্থক মনে হয়েছে। তবে বিপুল চাহিদার তুলনায় এটি একটি ছোট উদ্যোগ হলেও ঢাকা মেডিকেলকে ঘিরে ভবিষ্যতে আরও বড় ও ভিন্নধর্মী কিছু মানবিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি এ উদ্যোগ সফল করতে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন। তিনি আরও জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশুদ্ধ পানি প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের ২০০টি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। এর আগে দারিদ্র্যপীড়িত বিভিন্ন এলাকার মাদরাসা ও হাসপাতালেও ২০০টি ফিল্টার বিতরণ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হাজার হাজার রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিশুদ্ধ ঠান্ডা, গরম ও স্বাভাবিক পানির সুবিধা পাচ্ছেন। আইও/ |