‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’
প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

|| সাইমুম সাদী ||

গতকাল লালবাগ মাদ্রাসায় স্থানীয় উলামায়ে কেরামের সমাবেশ হয়েছে।  গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে আলেমরা বসেছেন, এটা ভালো উদ্যোগ। আমরা এইসব উদ্যোগকে স্বাগত জানাই। 

আমরা চাইব দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক পর্যায়ে আলেমদের যেসব সংগঠন ও সংস্থা আছে দয়া করে আপনারা বসুন, নিজেদের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে উদ্যোগী হোন।

সোশ্যাল মিডিয়ায় যেসব নিউজ আসে তন্মধ্যে বেশির ভাগ মিথ্যা। মব তৈরি করে আলেমদের ওপর অত্যাচার করে তার ভিডিও ছেড়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে সেসব নিয়ে অনেকেই সোচ্চার হয়েছেন। মুহতামিমকে মিথ্যা অপবাদ দিয়ে আক্রমণ করে পুলিশে দিয়ে পরবর্তীতে জানা যায় অভিযোগ মিথ্যা। মুহতামিম ফিরে এসেছেন এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করেছে।

কিছু চিহ্নিত ফেরকার পক্ষ থেকে অর্থায়ন করে কিছু ইউটিউব চ্যানেল ও পেইজকে এই কাজে ইউজ করা হয়। সেসবও আমরা ইতিমধ্যে চিহ্নিত করা শুরু করেছি।

কিন্তু তার মানে কি এই যে আমরা ধোঁয়া তুলসিপাতা?  মোটেই না। এসব নিয়ে অ্যাকশন নেওয়ার কথা ছিল শিক্ষাবোর্ড গুলোর। উনারা দৃশ্যমান কোনো ভূমিকায় নাই। সংসদে একজন এমপি মহিলা মাদরাসা নিয়ে বাজে কথা বললো, কিন্তু উনারা একটা প্রতিবাদ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন না। 

উনারা নিশ্চুপ থাকলেই প্রলয় তো বন্ধ থাকবে না। তাই স্থানীয় পর্যায়ে আলেমদের উদ্যোগ নিতে হবে। আবাসিক মাদরাসার পরিবেশ যথাযথ আছে কি না তা নিজেরা পরিদর্শন করে দেখতে হবে।

যেকোনো শারীরিক খেদমতকে অপরাধ ও ক্রাইম হিসেবে চিহ্নিত করতে হবে। কেউ অসুস্থ বা ইমার্জেন্সি প্রয়োজন হলে ভিন্ন কথা।

একটা মাদরাসাবিরোধী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা লক্ষণীয়। মাদরাসা বোর্ডগুলোর নীরবতা বেদনাদায়ক।

কিন্তু সবাই যদি যার যার পরিসর থেকে চেষ্টা করেন তাহলে এই অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

লেখক: অনলাইন অ্যাকটিভিস্ট ও চিন্তক