ইমাম বুখারির ইলমি ও নৈতিক উত্তরাধিকার সংরক্ষণের আহ্বান কাবার ইমামের
প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দে অনুষ্ঠিত ‘ইমাম বুখারির সহিহুল জামি (সহিহুল বুখারি)—উম্মাহর গ্রন্থ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা, সিনিয়র উলামা পরিষদের সদস্য এবং মক্কার মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

শুক্রবারের (১০ জুলাই) এই সম্মেলনে সৌদি আরবের রাষ্ট্রদূত সাদ বিন নাসের আবু হামিদ-ও উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেন, ইমাম বুখারি (রহ.) রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর খেদমতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইলমি অবদান কেবল হাদিস সংকলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গবেষণা, সততা, নির্ভুলতা এবং উচ্চ নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় আদর্শ।

তিনি আরও বলেন, ইমাম বুখারির উত্তরাধিকারের প্রতি প্রকৃত আনুগত্য হলো তাঁর ইলমি পদ্ধতি, গবেষণার নীতি এবং নৈতিক আদর্শকে সংরক্ষণ ও অনুসরণ করা।

শায়খ বিন হুমাইদ এ সময় ইসলামী ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে উজবেকিস্তান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ইমাম বুখারির ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণ ও তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে দেশটির প্রচেষ্টা প্রশংসনীয় এবং মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয়।

সম্মেলনে বিভিন্ন দেশের আলেম, গবেষক ও ইসলামি চিন্তাবিদরা অংশ নেন। তাঁরা ইমাম বুখারি (রহ.)-এর জীবন, কর্ম, হাদিসশাস্ত্রে তাঁর অবদান এবং সমসাময়িক বিশ্বে তাঁর ইলমি উত্তরাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/