
|
মসজিদুল হারামের ১০ ইমাম, খতিব ৮ জন
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মসজিদুল হারামে বর্তমানে ১০ জন ইমাম দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৮ জন জুমার নামাজের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। নামাজের সময়সূচি ও দায়িত্বের ক্ষেত্রে ইমামদের পালাক্রম নির্ধারণ করা হলেও রমজান, হজ ও ছুটির সময়সূচিসহ বিভিন্ন মৌসুমি পরিস্থিতিতে এতে পরিবর্তন আনা হয়। ইমামদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী হলেন শাইখ সালেহ ইবন হুমাইদ। তিনি মসজিদুল হারামের প্রধান ইমাম বা ‘শাইখুল আইম্মা’ হিসেবে পরিচিত। ইমাম ও মুয়াজ্জিনদের ধর্মীয় বিষয়াবলি শাইখ আবদুর রহমান আস-সুদাইসের সভাপতিত্বাধীন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয়। মসজিদুল হারামের ইমামদের নিয়োগ, দায়িত্ব নবায়ন ও অবসান প্রধানমন্ত্রীর আদেশে হয়ে থাকে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রেসিডেন্টের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য পূর্ণকালীন চাকরি থাকা বাধ্যতামূলক নয়। সাধারণত একজন ইমামকে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী তা নবায়ন করা যায়। ইমামদের দায়িত্বের সাপ্তাহিক সূচি নির্দিষ্ট একটি ব্যবস্থার মাধ্যমে তৈরি করা হয়। ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়ক এজেন্ট শাইখ মুহাম্মদ বিন উসামা খাইয়াত এ সূচি প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অগ্রাধিকারের ভিত্তিতে নামাজের দায়িত্বের পালাক্রম হলো— ফজর: শাইখ জুহানি, তুরকি, বালিলাহ, দাওসারি জোহর: খাইয়াত, গাজ্জাওয়ি, তুরকি, জুহানি আসর: ইবন হুমাইদ, মুআইকলি, বালিলাহ, দাওসারি, তুরকি মাগরিব: আস-সুদাইস, বালিলাহ, গাজ্জাওয়ি, দাওসারি, শামসান, মুআইকলি এশা: দাওসারি, শামসান, মুআইকলি, বালিলাহ, তুরকি, জুহানি তবে এই তালিকা স্থায়ী নয়। ইমামদের প্রাপ্যতা, রমজান, হজের মৌসুম এবং ছুটির সময়সূচিসহ বিভিন্ন কারণে দায়িত্বের পালাক্রমে পরিবর্তন হতে পারে। চলতি ১৪৪৮ হিজরি বছরের শুরু থেকে জুমার নামাজের খুতবা ও ইমামতির দায়িত্ব নির্ধারিত ক্রমানুসারে পালিত হচ্ছে। তবে সংশ্লিষ্ট খতিবের প্রাপ্যতা ও বিভিন্ন মৌসুমি পরিস্থিতির ওপর ভিত্তি করে এ ক্রমেও পরিবর্তন হতে পারে। খতিবদের অগ্রাধিকারক্রম হলো— ১. শাইখ সালেহ ইবন হুমাইদ ২. শাইখ আবদুর রহমান আস-সুদাইস ৩. শাইখ মাহের আল-মুআইকলি ৪. শাইখ আবদুল্লাহ আল-খাইয়াত ৫. শাইখ ফয়সাল গাজ্জাওয়ি ৬. শাইখ বান্দার বালিলাহ ৭. শাইখ ইয়াসির আদ-দাওসারি ৮. শাইখ হুদহুদ গাজ্জাওয়ি পবিত্র কাবা শরিফের ইমামরা শুধু নামাজের নেতৃত্বই দেন না; তাদের কিরাত, খুতবা ও ধর্মীয় বক্তব্য বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। মুসলিম বিশ্বের মানুষের কাছে তারা কোরআন-সুন্নাহর শিক্ষা, ইবাদত ও তাকওয়ার অনুপ্রেরণার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। সূত্র: হারামাইন আর্কাইভ আইও/ |