
|
‘কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে কর্মসূচি নেওয়া হবে’
প্রকাশ:
১০ জুলাই, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দরিদ্র, এতিম ও পিতৃহারা অনেক কিশোর বিভিন্ন অপরাধচক্রের খপ্পরে পড়ে অপরাধে জড়িয়ে যাচ্ছে। তাদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন এবং কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হবে। শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মামুনুল হক বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে চাঁদাবাজি, কিশোর গ্যাং, দখলদারিত্ব, মাদক এবং মদের বার উচ্ছেদে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সামাজিক প্রতিরোধের মাধ্যমে এ এলাকাকে নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ আদর্শ নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চাঁদাবাজি ও দখলদারিত্বের সমালোচনা করে তিনি বলেন, নতুন ভবন নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনায় সাধারণ মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এ ধরনের চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি তিনি জনগণকে চাঁদাবাজদের কোনো অর্থ না দিয়ে শুধু সরকার নির্ধারিত কর পরিশোধের আহ্বান জানান। কিশোর গ্যাং প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতায় অপরাধপ্রবণ কিশোরদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হতে পারে। মাদককে সব ধরনের অপরাধের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ যেসব এলাকায় মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে, সেখানে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। লালমাটিয়া এলাকায় মদের বার পরিচালনার সমালোচনা করে মামুনুল হক বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধকে দুর্বল করার প্রবণতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কিছু নীতির সমালোচনা করে তিনি বলেন, শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবেশও নিশ্চিত করতে হবে। মামুনুল হক আরও বলেন, বর্তমান জনপ্রতিনিধিরা জনগণের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। ড্রেনেজ ব্যবস্থা, নর্দমা পরিষ্কারসহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মোহাম্মদপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আইও/ |