নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নেপালে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে দুই দিনের সফরে দেশটিতে গেছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা হয়ে সেখানে পৌঁছান আল্লামা মামুনুল হক।

নেপাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

এ সময় মাওলানা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

সফরকালে মাওলানা মামুনুল হক নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এসএইচ/