
|
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী
প্রকাশ:
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৩ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক খ্যাতনামা আলেম মুফতি শামায়েল আহমদ আবদুল্লাহ নদভী তাঁর শিক্ষা ও জ্ঞানার্জনের যাত্রা এবং বর্তমান অবস্থানে পৌঁছার পেছনের কারণ তুলে ধরেছেন। তিনি বলেছেন, তাঁর জীবনের সাফল্যের সবচেয়ে বড় কারণ আল্লাহ তায়ালার ফজল ও করম। তবে এর পাশাপাশি দুটি বিষয় তাঁর জীবনে মৌলিক ভূমিকা রেখেছে—তিনি কখনো বাবা-মায়ের অবাধ্য হননি এবং কখনো শিক্ষকদের অসম্মান কিংবা তাঁদের বিরুদ্ধে মন্তব্য করেননি। নিজের সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে মুফতি শামায়েল নদভী বলেন, সবার আগে এটি আল্লাহ তায়ালার অনুগ্রহ। মানুষের নিজের চেষ্টা এর পরবর্তী বিষয়। তাঁর মতে, বাবা-মায়ের আনুগত্য, তাঁদের সন্তুষ্টি এবং বিশেষ করে তাঁদের দোয়া তাঁর জীবনে সাফল্যের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে। তিনি বলেন, এখনো নিজের বিভিন্ন বিষয়ে বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করেন এবং তাঁদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। বাবা-মায়ের দোয়া ও সন্তুষ্টিকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে উল্লেখ করেন। নিজের শিক্ষকদের প্রতি সম্মান, আনুগত্য ও খেদমতকেও জ্ঞানার্জনের পথের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন মুফতি শামায়েল নদভী। তিনি বলেন, শুধু শিক্ষকের কাছে দোয়া চাওয়াই যথেষ্ট নয়; বরং নিজের চরিত্র ও খেদমতের মাধ্যমে এমন অবস্থান তৈরি করতে হবে, যাতে শিক্ষক নিজের অন্তর থেকে শিক্ষার্থীর জন্য দোয়া করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জবান হেফাজত এবং শিক্ষকদের বেয়াদবি থেকে বেঁচে থাকার আহ্বান জানান। তিনি বলেন, বড়দের কথা মানা, বিনয় অবলম্বন করা এবং ধৈর্যের সঙ্গে চলা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুফতি শামায়েল নদভী বলেন, আল্লাহ তায়ালার ফজল, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের দোয়া, বিনয়, ধৈর্য এবং ইলমের সঙ্গে কোরআন-সুন্নাহর দৃঢ় সম্পর্ক—এসব বিষয় তাঁর বর্তমান অবস্থানে পৌঁছার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে নিজের বক্তব্যে তিনি বিশেষভাবে দুটি বিষয়কে তাঁর ইলমি জীবনের মৌলিক নীতি হিসেবে তুলে ধরেন—বাবা-মায়ের অবাধ্য না হওয়া এবং শিক্ষকদের অসম্মান কিংবা তাঁদের বিরুদ্ধে মন্তব্য থেকে বিরত থাকা। সূত্র: মিল্লাত টাইমস উর্দু আইও/ |