‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলে হাফপ্যান্ট পরে প্রবেশের ঘটনায় একজন দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের শালীন পোশাকের পক্ষে অবস্থানকে কেন্দ্র করে অনলাইনে পাল্টা প্রচারণা এবং একই ধরনের পোশাক পরে দলবদ্ধভাবে মেট্রোরেলে ভ্রমণের কর্মসূচি গ্রহণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ কোনো নৈতিকতা ও মূল্যবোধহীন রাষ্ট্র নয়। এ দেশের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সামাজিক আচরণের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ গভীরভাবে সম্পৃক্ত। শালীনতা, পর্দাশীলতা, ভদ্রতা ও নৈতিকতা এ দেশের মানুষের কাছে নিছক ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; এগুলো দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের অংশ।

তিনি বলেন, গণপরিবহন একটি উন্মুক্ত জনপরিসর। সেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দের পাশাপাশি অন্য যাত্রীদের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও স্বাচ্ছন্দ্যের প্রতিও সম্মান দেখাতে হয়। জনপরিসরে শালীন পোশাকের বিষয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তি কাউকে সতর্ক করলে সেটিকে কেন্দ্র করে সংঘবদ্ধ ও প্রদর্শনমূলক পাল্টা কর্মসূচি গ্রহণ দুঃখজনক ও উদ্বেগজনক।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ব্যক্তিস্বাধীনতা অবশ্যই সম্মানযোগ্য। তবে ব্যক্তিস্বাধীনতা সামাজিক দায়িত্ববোধ থেকে বিচ্ছিন্ন নয়। একটি ধর্মপ্রাণ সমাজে শালীনতার দাবিকে অস্বীকার করার প্রতীক হিসেবে জনসমক্ষে অশালীন পোশাক দলবদ্ধভাবে প্রদর্শন করা সুস্থ প্রতিবাদের ভাষা হতে পারে না। এতে মতপার্থক্য নিরসনের পরিবর্তে সমাজে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি এবং মূল্যবোধের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে ব্যক্তিস্বাধীনতার নামে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হবে। আমরা চাই—অধিকার ও দায়িত্ব, স্বাধীনতা ও শালীনতা এবং আইন ও সামাজিক মূল্যবোধের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ।’

মেট্রোরেলসহ সব গণপরিবহনে যাত্রীদের জন্য শালীনতা, সৌজন্য, পারস্পরিক সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে এ ধরনের কর্মসূচি পরিহার করে সংযম, দায়িত্বশীলতা ও শালীনতার পরিচয় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

এসএইচ/