সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৭ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সন্তানদের ক্ষতিকর প্রভাব ও সন্দেহজনক ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের তাদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের চেয়ারম্যান শায়খ সালেহ আল-ফাওজান। একই সঙ্গে সন্তানদের মধ্যে ধর্ম ও দেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) মদিনায় ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা আয়োজিত ‘সৌদি আরবের বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্র্যান্ড মুফতির বক্তব্য তার পক্ষে পাঠ করেন কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের মহাসচিব শায়খ ফাহদ আল-মাজিদ।

শায়খ সালেহ আল-ফাওজান বলেন, বিভ্রান্তিকর মতাদর্শ মোকাবিলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে বাবা-মাকে সন্তানদের প্রতি নজর রাখতে হবে এবং ক্ষতিকর প্রভাব ও সন্দেহজনক ওয়েবসাইট থেকে তাদের সুরক্ষিত রাখতে হবে।

তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে শিক্ষক, ধর্মীয় বক্তা ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তরুণদের সামনে সত্যকে স্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি বিভ্রান্তিকর মতাদর্শ সম্পর্কে তাদের সতর্ক করার আহ্বান জানান গ্র্যান্ড মুফতি।

সম্মেলনের উদ্বোধন করেন মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিভিন্ন আধুনিক মাধ্যমের কারণে বুদ্ধিবৃত্তিক প্রভাবের উৎস ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ইসলামি সমাজকে সচেতনতা, জ্ঞান ও সঠিক আকিদার মাধ্যমে শক্তিশালী করা জরুরি।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে উগ্রবাদ, চরমপন্থা ও বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।দুই দিনব্যাপী এ সম্মেলনে ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের ফতোয়া কেন্দ্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় সৌদি আরবের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র: সউদি গেজেট

এসএইচ/