
|
মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
প্রকাশ:
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের উদ্যোগে জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকার ভাইস প্রিন্সিপাল, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নির্বাহী সভাপতি এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি ওয়াজেদ আলী (দা.বা.)-এর মিশর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ মিসরে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-এর পক্ষ থেকে মুফতি ওয়াজেদ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সোসাইটির কার্যকরী পরিষদ, ২০২৬ সেশনের দায়িত্বশীল এবং মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য, চলমান কার্যক্রম, শিক্ষার্থী কল্যাণ এবং মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় আল-আযহারের বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত সোসাইটির সদস্যদের সাম্প্রতিক শিক্ষাগত ফলাফল ও বিভিন্ন অর্জনের বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থীর মেধাতালিকায় শীর্ষ দশে স্থান লাভের বিষয়টি জানানো হলে মুফতি ওয়াজেদ আলী সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাঁদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। মতবিনিময়ের একপর্যায়ে বাংলাদেশে আল-আযহার সম্পর্কে প্রচলিত কিছু বিভ্রান্তিকর ধারণা ও নেতিবাচক প্রচারণার বিষয়ও উঠে আসে। এ বিষয়ে মুফতি ওয়াজেদ আলী আল-আযহারের শিক্ষা, ঐতিহ্য ও আন্তর্জাতিক অবদান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ধারণা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আল-আযহার সম্পর্কে প্রচলিত কিছু নেতিবাচক প্রচারণায় তিনি দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া মিশরে অধ্যয়নরত কওমি শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্যের লক্ষ্যে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে গড়ে ওঠা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়েও আলোচনা হয়। এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মুফতি ওয়াজেদ আলী তাঁর অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা জানান। সভায় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের লক্ষ্যে সোসাইটির কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মুফতি ওয়াজেদ আলী-এর প্রতি আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়। এসএইচ/ |